পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে পিরোজপুরে ২২ দিনের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম শুরু হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পিরোজপুরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে কালিগঙ্গা ও কচা নদীতে যৌথ মহড়া দেওয়া হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান মামুন ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।
এ সময় নৌবাহিনী ও পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অভিযানে অংশ নেয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।
আরও পড়ুন: রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, মজুদ, সংরক্ষণ, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ থাকবে। এ সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মা ইলিশ রক্ষা, নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।





