দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

আরও পড়ুন: আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। আগের দিন এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর কিউ-ক্যাশের কার্ড-এটিএম সেবা চালু

বাজুস জানিয়েছে, এক ভরি সোনার পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সব মানের সোনার দামই বেড়েছে।

অপরিবর্তিত রুপার দাম

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।