নির্বাচনী দায়িত্ব নিয়ে ডিসি-এসপিকে ইসির কঠোর নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে ঘিরে দীর্ঘদিনের অপবাদ থেকে মুক্তি পেতে হলে আইনের শাসন কঠোরভাবে কার্যকর করতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ব্রিফিং সভায় এসব কথা বলেন সিইসি।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
সভা শুরুর আগে সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সিইসি। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এখানে কোনো ব্যক্তির পরিচয়, ক্ষমতা বা প্রভাব বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। মাঠ প্রশাসনের ওপর রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
বিগত নির্বাচন নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ‘ম্যানেজড’ বলার যে অভিযোগ উঠেছে, তা থেকে মুক্তি পেতে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীল ও আইনসম্মত ভূমিকাই পারে এই অপবাদ ঘুচাতে।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে সাহস জোগাতে গিয়ে সিইসি বলেন, আপনারা যখন আইনের পক্ষে দৃঢ় থাকবেন, তখন নির্বাচন কমিশনও আপনাদের পাশে থাকবে। কাউকে খুশি করার প্রয়োজন নেই, শুধু আইন অনুযায়ী কাজ করলেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।
তিনি আরও বলেন, সিস্টেম যেন সঠিকভাবে কাজ করে এবং কোথাও কোনো ধরনের বিচ্যুতি না ঘটে— সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।





