৯ ফেব্রুয়ারি থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সর্বসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে যত্রতত্র সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার