অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন ‘জুলাই সনদ’: প্রধান উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন হলো ‘জুলাই সনদ’। তিনি জানান, এ সনদের ভিত্তিতে গণভোটে বিপুল সমর্থনের মাধ্যমে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে জনগণ। জুলাই সনদ বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

সোমবার রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ভাষণের শুরুতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির স্থাপন করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত—সাম্প্রতিক নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত ১৮ মাসে তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন শেষে এখন একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বিদায় নিচ্ছেন।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

গত ৫ আগস্টের ঘটনাবলি স্মরণ করে ড. ইউনূস বলেন, দিনটি ছিল ‘মহা মুক্তির দিন’। দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দে আপ্লুত হয়েছিল। তরুণ ছাত্রছাত্রীরা দেশকে ‘দৈত্যের গ্রাস’ থেকে মুক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, সে সময় দেশ কার্যত অচল অবস্থায় ছিল। সেই অচল অবস্থা থেকে দেশকে সচল করা ছিল বড় চ্যালেঞ্জ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, গণভোটে অনুমোদিত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী হবে।