পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে: অর্থমন্ত্রী
নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: সরকার ভুল করলে ধরিয়ে দিন: আইনমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ। সবার আগে এসব প্রতিষ্ঠানের পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে। পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দক্ষতা বৃদ্ধি—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, এসব উপাদান অনুপস্থিত থাকলে বড় কর্মসূচি গ্রহণ করলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে প্রতিটি নাগরিক অংশগ্রহণের সুযোগ পায় এবং এর সুফল সবার কাছে পৌঁছে।
আরও পড়ুন: তিন দিনের চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
অর্থমন্ত্রী জানান, অর্থনীতিকে ডিরেগুলেটেড করতে হবে। তার ভাষায়, “বাংলাদেশ ইতোমধ্যে ওভার-রেগুলেটেড হয়ে গেছে। পৃষ্ঠপোষকতা রাজনীতি করতে গিয়ে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ হয়েছে। এটিকে সিরিয়াসলি ডিরেগুলেট করতে হবে।”
নিয়ন্ত্রণ শিথিল ও লিবারলাইজেশনের মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।





