টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩

Sadek Ali
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে  এসআরবি-১৪ ।

রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ আশরাফুল আলম (৩৯), জেলা-ময়মনসিংহ,  মোঃ রাজু ইসলাম (৩০), জেলা-কুমিল্লা এবং বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়া (৪২)।

এসআরবি-১৪ -এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এসআরবি-১৪  জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এর একটি আভিযানিক দল সখিপুর থানাধীন বেতুয়া তিন রাস্তার মোড়ে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে স্কট (পাহারা) করে নিয়ে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা কাভার্ডভ্যানে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করে আভিযানিক দল।

প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত কারবারিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজত ও নিয়ন্ত্রণে রেখে টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

ধৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সখিপুর থানায় আলামতসহ মাদককারবারিদের হস্তান্তর করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।