চার বছর পর বিচ্ছেদ প্রীতম ও শাহতাজের

Sadek Ali
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৩০ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিয়ের প্রায় চার বছর পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী, মডেল ও ইনফ্লুয়েন্সার শাহতাজ মনিরা হাশেম।

রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টের মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তারা।

আরও পড়ুন: আইসিইউতে ‘গেরিলা’ অভিনেতা

পোস্টে প্রীতম হাসান জানান, দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তারা বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

প্রীতম বলেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়েছে। এ কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে তারা মনে করছেন।

আরও পড়ুন: আজ অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন

তিনি আরও জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

জীবনের নতুন অধ্যায়ে তারা আলাদাভাবে এগিয়ে যেতে চান জানিয়ে প্রীতম বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন।

একই সঙ্গে বিষয়টি তাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। এতদিন পাশে থাকা এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম। তাদের সম্পর্কের শুরু হয়েছিল বিয়েরও কয়েক বছর আগে। এবার দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্তের কথা জানালেন।