তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৫ পূর্বাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডা. এ বি এম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড একটি ‘ইউনিভার্সাল কার্ড’—এতে কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির মানুষ অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্র ধরে পুলিশের হাতে স্বামী

মন্ত্রী জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, একটি মহল ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে—এমন তথ্য পাওয়া যাচ্ছে। এটি প্রতারণা। সরকার সম্পূর্ণ বিনামূল্যে এ কার্ড দেবে, কোনো টাকার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনী বা স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: র‍্যাবের বন্দিশালায় ২৯টি ছোট কক্ষ, ৭টি কক্ষ ব্যবহৃত হতো ‘ডেথ সেল’ হিসেবে

চার বছরের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, উপকারভোগীদের সব তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ব্যাংক-এর তত্ত্বাবধানে সুবিধাভোগীরা যেকোনো নির্ধারিত ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

তিনি আরও জানান, কড়াইল বস্তিসহ ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার তথ্য পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইন—দুইভাবেই দেওয়া যাবে। প্রতারণা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।