দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন: অর্থমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২০ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের অগ্রাধিকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা

অর্থমন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে হবে এবং সেই অর্থ বিনিয়োগে কাজে লাগাতে হবে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণস্থল পরিদর্শন করেন মন্ত্রী। বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী অধিগ্রহণকৃত মোট ১৪.২১৯০ একর ও ২.৭ একর জমি পরিদর্শন করা হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিদর্শনকালে কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেলও উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং চট্টগ্রাম মহানগরের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।