জ্বালানি তেল ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
জ্বালানি তেল সরবরাহকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
আরও পড়ুন: আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বার্তায় বলা হয়, জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এর ফলে কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।
জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, পতেঙ্গা-এ অবস্থিত প্রধান স্থাপনাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পাটশিল্পের বিকাশে বাড়বে কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম
এসব ডিপোর মধ্যে রয়েছে দৌলতপুর, বাঘাবাড়ি, গোদনাইল, ফতুল্লা, পার্বতীপুর এবং বরিশাল ডিপো।
সরকার জানিয়েছে, দেশের জ্বালানি তেলের এসব ডিপো গুরুত্বপূর্ণ অবকাঠামো বা কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় জরুরিভিত্তিতে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।





