দেশে জ্বালানি সংকট নেই, দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এ কারণে আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতেও দেশে কোনো জ্বালানি সংকট দেখা দেয়নি, এখনো নেই। তিনি জানান, রমজান ও ঈদকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

আরও পড়ুন: অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন মূলত মানুষের উদ্বেগ ও আতঙ্কের কারণে তৈরি হয়েছে। পাম্পে দেখা যাওয়া দীর্ঘ লাইনের জন্য অকটেন ও পেট্রোলের কোনো ঘাটতি নেই।

তিনি আরও বলেন, পেট্রোল প্রায় পুরোপুরি দেশে পরিশোধিত হয়, অকটেনের সিংহভাগও দেশীয়ভাবে পাওয়া যায়। ডিজেল ও ফার্নেস তেলের ক্ষেত্রে কিছু আমদানির ওপর নির্ভরতা থাকলেও সরবরাহ অব্যাহত রয়েছে। মানুষের উদ্বেগ ও সম্ভাব্য দাম বৃদ্ধির ভয়ে তারা আগেভাগে জ্বালানি কিনতে আসছেন, যা পাম্পে ভিড়ের কারণ।

আরও পড়ুন: আনিসুল হকের ১৭২ কোটি টাকার সম্পদ, দুদকের চার্জশিট

জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, গতকাল প্রায় ৩০ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আসার কথা ছিল; এর মধ্যে একটি পৌঁছেছে এবং অন্যটি আউটার অ্যাঙ্করেজে অবস্থান করছে। মঙ্গলবার দুপুরের মধ্যে সেটি থেকে জ্বালানি খালাস শুরু হবে। এছাড়া ১২ মার্চ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।

ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে তিনি বলেন, ভারত থেকে প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি পাইপলাইনের মাধ্যমে আসছে। চুক্তির একটি বড় অংশ ইতোমধ্যে সরবরাহ হয়েছে এবং বাকি অংশ ধারাবাহিকভাবে আসে। চুক্তি প্রতি বছর নবায়ন হয় এবং বর্তমানে বৈধ, তাই কোনো সংকট নেই।

প্রতিমন্ত্রী দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, অতীতেও কোনো সংকট হয়নি, এখনো নেই এবং সরকারের লক্ষ্য রমজান ও ঈদকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করা।