গাজীপুরে ডিবির অভিযান, ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা পর্যায়ের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: বাংলাদেশ আনসার- ভিডিপি একাডেমির কুটিরশিল্পে ৪ দেশের রাষ্ট্রদূত: পণ্য আমদানির আগ্রহ

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। একপর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও তাঁর বন্ধু নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চলতি বছরেই এক লাখ দক্ষ আনসার সদস্য বিদেশে পাঠানোর পরিকল্পনা

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ ২৬ অক্টোবর দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।