হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর করা মামলাটি আমলে নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি করেন সানায়া চৌধুরী। বাদী ও তার আইনজীবী সুব্র সিনহা রায় বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

মামলার বাদীর অভিযোগ, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তানজিন নাহার তিশার বিরুদ্ধে আগে একটি মামলা করেছিলেন তিনি। ওই মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে করা নারাজি আবেদন গত রোববার (২৫ অক্টোবর) মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

সানায়া চৌধুরীর দাবি, আগের মামলার শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নীরবতা ভাঙলেন রাশমিকা

বাদীর অভিযোগ, আগের মামলার তদন্তসংক্রান্ত আদেশের পর তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছেন। এমনকি তার বাসায় লোকজন পাঠানোর অভিযোগও করেছেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে নতুন মামলাটি করেছেন বলে জানান সানায়া।

নিজের অবস্থান জানিয়ে সানায়া চৌধুরী বলেন, তিনি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।

তবে নতুন মামলায় তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। এ বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই পরবর্তী সিদ্ধান্ত আসবে।