২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৬ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চ ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়।

তিনি উল্লেখ করেন, ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

প্রধানমন্ত্রী আরও বলেন, এই গণহত্যা ছিল সুপরিকল্পিত। কেন এটি প্রতিরোধ করা সম্ভব হয়নি, তা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। তবে ২৫ মার্চ দিবাগত রাতে ‘উই রিভোল্ট’ আহ্বানের মাধ্যমে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, যার মধ্য দিয়ে শুরু হয় দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ।

তিনি বলেন, স্বাধীনতার মূল্য ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা জরুরি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বার্তার শেষে প্রধানমন্ত্রী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন।