দেশে তিন মাসের পেট্রোল-অকটেন মজুত আছে: প্রতিমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে বর্তমানে তিন মাসের পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে আগামী তিন মাসের চাহিদা পূরণে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে পালাবদল: চীনকে পেছনে ফেলে বাংলাদেশের উত্থান, তবু রপ্তানিতে চাপ

তিনি বলেন, এপ্রিল মাসে দেশের জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় মজুত রয়েছে। এছাড়া প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হয়েছে, যা দিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “আগামী তিন মাসের চাহিদা পূরণে প্রয়োজনীয় জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে তিনি জানান, এ ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক অবস্থানে রয়েছে। এ নিয়ে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছে। সরকার আশা করছে, নতুন মার্কিন প্রশাসন এ বিষয়ে সহায়তা করবে।

এদিকে, দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। কৃষকদের জ্বালানি পেতে কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।