বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ নয়, বহিরাগত প্রবেশে কড়াকড়ি: অর্থমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:২৯ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাম্পাসে দলীয়করণের কোনো সুযোগ থাকবে না এবং আইনের ঊর্ধ্বে গিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প

মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার স্থিতিশীল ও সহনশীল রাজনীতির পথে এগোচ্ছে। যারা অস্থিতিশীলতা তৈরি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—তারা যে দলেরই হোক না কেন।

আরও পড়ুন: ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’

বিদ্যুৎ খাত প্রসঙ্গে মন্ত্রী স্বীকার করেন, দেশে কিছুটা সংকট রয়েছে। তবে এটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এখনো শিল্পকারখানা বন্ধ বা বড় ধরনের সংকট তৈরি হয়নি।

ব্যাংকিং খাতের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে খাতটি দুর্বল হয়ে পড়েছে। তার ভাষায়, প্রায় ২৩০ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে এবং অনেক ব্যাংক সংকটে পড়েছে।

তিনি আরও বলেন, ব্যাংক খাত ও শেয়ারবাজারকে স্থিতিশীল করতে সময় লাগবে, তবে সরকার এ নিয়ে কাজ করছে।