মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের
দেশের বাজারে মে মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মে থেকে বর্তমানে কার্যকর দরে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
এর আগে গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তখন ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ১০০ টাকা থেকে ১১৫ টাকায় দাঁড়ায়। একই সময়ে কেরোসিনের দাম ১৮ টাকা বেড়ে ১১২ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত হয়। অকটেনের দাম ২০ টাকা বৃদ্ধি পেয়ে ১২০ টাকা থেকে ১৪০ টাকায় এবং পেট্রোলের দাম ১৯ টাকা বেড়ে ১১৬ টাকা থেকে ১৩৫ টাকায় নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
এর আগে ৩১ মার্চ প্রকাশিত এক অফিস আদেশে এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ১৯ এপ্রিলের পর নতুন দর কার্যকর হওয়ার পর মে মাসে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেয় জ্বালানি বিভাগ।





