রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই: সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ৩:৫৭ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রক্তপাত ও সহিংসতামুক্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ধর্ষণ ও শিশু নির্যাতন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সহিংসতা যেন না ঘটে, সেটিই কমিশনের প্রধান লক্ষ্য। বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

আরও পড়ুন: রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

এদিকে সংবাদ সম্মেলনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, বিশ্বের কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত নয়। তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বিবেচনায় সাম্প্রতিক নির্বাচন ছিল তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, এটি ছিল একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, কারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।