জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৮:২০ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, অবদান এবং গ্রহণযোগ্যতার প্রতিফলন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের বৈঠক, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব

বার্তায় তিনি উল্লেখ করেন, “জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন। বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ও বিশ্বাসযোগ্যতারই এটি প্রতিফলন।”

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।

আরও পড়ুন: ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প একনেক সভায় অনুমোদন

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট। ভোটগ্রহণের সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। সে সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।