ঠাকুরগাঁওয়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

Sadek Ali
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করেছে বিজিবি।

সোমবার ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরও পড়ুন: পেকুয়ায় তিনবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন আর নেই

তিনি বলেন, গত ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করতে বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট ব্যবহার করা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে মাদক সেবনের টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বিজিবি সেক্টর কমান্ডার বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রার্থী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।