প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে দুই ইউনিয়নের নাম
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী শাহ আলমের বিরুদ্ধে রিপোর্ট করায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক গ্রেপ্তার
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ইউনিয়ন দুটির নাম পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এজন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, গণশুনানি ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম চূড়ান্ত করা হবে। পরে তা সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করা হবে।
আরও পড়ুন: আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো উদ্বেগ নেই: ডিএমপি
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়ন দুটির নাম নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নাম দুটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ বলে জনমনে নানা ধরনের ব্যাখ্যা ও বিভ্রান্তির অবকাশ তৈরি হয়েছিল।
এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নিজেও বিষয়টি নিয়ে বিব্রতবোধ করেন এবং সম্ভাব্য ভুল ব্যাখ্যা বা অপপ্রচার এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের বিষয়ে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নামকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।





