অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে আরও প্রায় দুই বছর সময় লাগবে। একই সঙ্গে ঋণনির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের উৎস খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

তিনি বলেন, আসন্ন বাজেটকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে সরকার বিভিন্ন দিক পর্যালোচনা করছে। কর ব্যবস্থার আওতা বাড়ানোর লক্ষ্যে দেশের মানুষকে অল্প পরিমাণ কর দিয়েও ট্যাক্স নেটের অন্তর্ভুক্ত হতে হবে। তবে এতে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ঋণের চাপ এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে। এ কারণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে পুরোপুরি নিখুঁত বলা যাবে না। তবে অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং এ সংকট কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় প্রয়োজন হবে।

আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার প্রায় ১ হাজার ৩০০টি প্রকল্প গ্রহণ করেছিল, যার অনেকগুলোই প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বিবেচনায় পুনর্মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রকল্প বাতিল করা হয়েছে। অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ বাস্তবায়িত হলেও সেগুলো থেকে প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি ঋণ গ্রহণের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্থানীয় ব্যাংক থেকে ১১ থেকে ১৩ শতাংশ সুদে অর্থ নিয়ে বেসরকারি খাতের জন্য টিকে থাকা কঠিন। একইভাবে সরকারের জন্যও এ ধরনের উচ্চ সুদে ঋণ নেওয়া ব্যয়বহুল ও চাপের। তাই ধীরে ধীরে ব্যাংকনির্ভর ঋণ গ্রহণ কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।