নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৪:২৩ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা ও দায়রা জজকে সরাসরি মহাপরিদর্শক (আইজিআর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পেয়েছেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক শামীমা আফরোজ।

গত ২১ জুন তাকে ভূমি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

এর আগে নিবন্ধন অধিদপ্তরে বিচারক উম্মে কুলসুম অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইজিআরের দায়িত্ব পালন করলেও, সরাসরি কোনো নারী জেলা ও দায়রা জজকে এ পদে নিয়োগ দেওয়ার ঘটনা এই প্রথম।

শামীমা আফরোজ কর্মজীবনের শুরুতে ১৯৯৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলে রিসার্চ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি ব্যারিস্টার এম আমীর-উল-ইসলামের সঙ্গে কাজ করেন। পরবর্তীতে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ২৪ জুন বিচার বিভাগে যোগদান করেন।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে শামীমা আফরোজ ১৯৭২ সালের ২৫ মে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আব্দুল খালেক এবং মা মনসুরা বেগম। বাবার কর্মসূত্রে শৈশবের একটি অংশ তৎকালীন সোভিয়েত ইউনিয়নে কাটে। সেখানে তিনি মস্কো অ্যাম্বাসি স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।

আইজিআর হিসেবে তার নিয়োগ দেশের বিচার বিভাগ ও প্রশাসনে নারীর নেতৃত্বের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।