রক্তাক্ত জুলাই: মাসজুড়ে কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল
আজ ১ জুলাই। ২০২৪ সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে যে কর্মসূচির সূচনা হয়েছিল, তা পরবর্তী সময়ে দেশব্যাপী বৃহত্তর গণ-আন্দোলনে রূপ নেয়। জুলাই-আগস্টজুড়ে চলা ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও আলোচনা সভা, সেমিনার, স্মরণানুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করবে।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
আন্দোলনের সূচনা
২০২৪ সালের ১ জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা
জুলাই মাসের মাঝামাঝি সময়ে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন আরও বিস্তৃত হয়। পরবর্তী সময়ে তা সরকারবিরোধী বৃহত্তর গণ-আন্দোলনে রূপ নেয় এবং আগস্টের শুরুতে রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে।
বিএনপির কর্মসূচি
জুলাই-আগস্টের গণ-আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণ-আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জামায়াতের কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ থেকে ৯ জুলাই রাজধানী ঢাকায় এবং ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে গণ-অভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের পরিবারের সঙ্গে মতবিনিময় কর্মসূচি পালন করবে।
এ ছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা, ১ আগস্ট সারা দেশে গণমিছিল এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
এনসিপির কর্মসূচি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। একই দিনে ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে।
এ ছাড়া জুলাইজুড়ে গ্রাফিতি, দেয়াললিখন, ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, শহীদদের কবর জিয়ারত, কফিন মিছিল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণ কর্মসূচির আয়োজন করা হবে।
আগস্ট মাসে ‘দেশপ্রেমের ইউনিফর্ম’, ‘সংবাদে গণ-অভ্যুত্থান’, ‘জুলাইয়ের দ্রোহযাত্রা’, ‘জনতার এক দফা’ এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচির মধ্য দিয়ে এ ধারাবাহিক আয়োজন শেষ হবে।





