প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ-সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে যুগোপযোগী সাইবার আইন হচ্ছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আনুষ্ঠানিক আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা সেটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।”
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১১ সদস্যবিশিষ্ট এ জোটের সম্মেলনে আয়োজক দেশ বিভিন্ন অ-সদস্য রাষ্ট্রকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে।
আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
এদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে ফোনালাপ হয়েছে—এমন গুঞ্জন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, “এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। যদি বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার তা তদন্ত করবে।”
ঢাকায় মার্কিন দূতের সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক কূটনীতি এবং সামগ্রিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।





