অভিযোগের মধ্যেই পদোন্নতির প্রস্তাব, প্রশ্নের মুখে গণপূর্তের এক কর্মকর্তা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ১৭ কোটি টাকার বিল অনুমোদনে অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) পদে চলতি দায়িত্ব দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) মাহবুবুর হক চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সংস্থাপন শাখা-১ থেকে গত ১ জুলাই জারি করা এক প্রস্তাবপত্রে বলা হয়েছে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) পদে কর্মরত একজন কর্মকর্তা আগামী ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ায় শূন্য পদে মাহবুবুর হক চৌধুরীকে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

নথি অনুযায়ী, বর্তমানে তিনি ঢাকার গণপূর্ত অধিদপ্তরের ই/এম সার্কেল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন অভিযোগ ও সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে অভিযোগ করা হয়েছে, মাহবুবুর হক চৌধুরীর বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, ক্রয় কার্যক্রমে অনিয়ম এবং ঠিকাদারদের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর একটি ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ১৭ কোটি ৮ লাখ ৮৩ হাজার ১৪৪ টাকার বিল অনুমোদনসংক্রান্ত অনিয়মের অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। একই সঙ্গে সংসদ ভবনের সাউন্ড সিস্টেম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কিছু ক্রয় কার্যক্রম নিয়েও অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ঠিকাদার আলাউদ্দিন ওয়াজেদ দাবি করেছেন, সংশ্লিষ্ট বিলের বিপরীতে প্রকল্পের অগ্রগতি, সরঞ্জাম সরবরাহ এবং বাজারদরের মধ্যে অসঙ্গতি রয়েছে। তিনি এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন বলেও দাবি করেন।

এছাড়া কিছু সূত্রের দাবি, টেন্ডার ও ক্রয় কার্যক্রমে দীর্ঘদিন ধরে একটি প্রভাববলয় কাজ করেছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই এই প্রতিবেদনের পক্ষে সম্ভব হয়নি। মাহবুবুর হক চৌধুরীর নামে ঢাকার বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, প্লট ও জমি থাকার অভিযোগও করা হয়েছে। তবে এসব সম্পদের মালিকানা বা বৈধতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাহবুবুর হক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভবিষ্যতে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

গণপূর্ত অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বড় অঙ্কের বিল অনুমোদনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে যথাযথ তদন্ত জরুরি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা বলেন, সরকারি প্রকল্পে বড় অঙ্কের আর্থিক অসঙ্গতির অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হয়। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে প্রাথমিক যাচাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।

সরকারি অডিট ও প্রকল্প ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞের মতে, যথাযথ যাচাই ছাড়া বিল অনুমোদন বা আর্থিক অসঙ্গতির অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে সত্যতা নিরূপণ করা প্রয়োজন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তদন্তে মাহবুবুর হক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।