বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার গর্জন কাঠ ও কাভার্ড ভ্যান জব্দ

Sadek Ali
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩৩ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমান্ত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় সফল অভিযান পরিচালনা করে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের গর্জন কাঠ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর অংশ হিসেবে সীমান্ত এলাকায় বনজ সম্পদ পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবি।

আরও পড়ুন: তনু হত্যা মামলা: আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

সকাল সাড়ে ৯টার দিকে একটি কাভার্ড ভ্যান চেকপোস্টে পৌঁছালে টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ গর্জন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠ ও জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

পরবর্তীতে জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: জামায়াত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কাজী

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবি কোনো ধরনের ছাড় দেবে না। বিশেষ করে হবিগঞ্জ জেলার সাতছড়ি, রেমা-কালেঙ্গাসহ সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষায় আমরা আরও কঠোর অবস্থান গ্রহণ করব। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. মোবারক হোসেন বলেন, “জব্দকৃত গর্জন কাঠ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় ৫৫ বিজিবির এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।”

সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান বনজ সম্পদ পাচার রোধ এবং দেশের সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।