ঢাকায় বাসভবনে অগ্নিকাণ্ড, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:১৪ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

জানা গেছে, আগুনের পর ঘন ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে হাইকমিশনার ও তার স্ত্রীকে দ্রুত রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, কূটনৈতিক এলাকায় আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে দেখা যায়, বড় ধরনের আগুন না থাকলেও ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বিশেষ যন্ত্রের সাহায্যে ভবনের ভেতরের ধোঁয়া অপসারণ করেন। পরে পুরো ভবন তল্লাশি করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পাকিস্তান হাইকমিশন।