হেফাজতকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তারেক রহমানের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:০৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজতে ইসলাম বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে। আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।

তিনি বলেন, বিগত নির্বাচনে হেফাজত একসঙ্গে থেকে কাজ করেছে। এর ফলে বিপদ থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে। তবে সমস্যা এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের সময় অনেক অর্থ লুট করা হয়েছে। নির্বাচনের পরও অনেক সমস্যা দেখা গেছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ফটিকছড়ির বিভিন্ন সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, এখানে হাসপাতাল ও শিক্ষার সমস্যা রয়েছে। স্কুল-কলেজ ও কর্মসংস্থানের দাবি রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও আছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করবে।

গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদের সময় দেশে নিজেদের গ্যাস আছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করা হয়নি। এমনও হয়েছে, অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে। বিদেশিদের হাতে গ্যাস দিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। পরে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।