রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে প্রস্তুতিমূলক সভা, প্রার্থী নিয়ে জোর আলোচনা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়।রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সভায় আলোচনা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।
আরও পড়ুন: জামায়াতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে’
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এর পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
এ ছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে।
আরও পড়ুন: সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের নয়া উদ্যোগ
তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। সোমবার (১০ আগস্ট) জোটের একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে।
পরে এক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী—
মনোনয়নপত্র দাখিলের শেষ সময়: ১৩ আগস্ট
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ আগস্ট বিকেল ৪টা
ভোটগ্রহণ: ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এরই মধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ক্ষমতাসীন বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং ১১ দলীয় জোট অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের পরই স্পষ্ট হবে।





