পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে কিছু রাজনৈতিক দলের আন্দোলন ও সমালোচনার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, সংকট নিয়ে যারা প্রতিবাদ করছেন, তাদের পেছনে ফ্যান চললেও সামনে হারিকেন নিয়ে ‘গ্যাস-বিদ্যুৎ দে’ স্লোগান দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রী বলেন, দুই দিন আগে একটি রাজনৈতিক দলের সদস্যরা সামনে হারিকেন নিয়ে বসে ‘গ্যাস-বিদ্যুৎ দে’ বলে প্রতিবাদ করেছেন। অথচ তাদের পেছনে ফ্যান চলছিল। বাতাস খেতে খেতে সামনে ‘বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই’ বলা হচ্ছে। এটিকে তিনি ওই রাজনৈতিক দলগুলোর ‘হঠকারিতা’ বলে মন্তব্য করেন।

কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার গ্যাস সংকট সমাধানে কাজ করছে। কারিগরি ত্রুটিও কমানো হয়েছে। দ্রুতই বিদ্যুৎ সংকট থেকে মুক্তি মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে বিরোধী দলগুলোর কাছে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনাদের পরিকল্পনা যদি আগামী তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তবে আমি আপনাদের পরিকল্পনাই গ্রহণ করব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে চলমান সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।