নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:২০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মিডিয়াসূত্রে জানা গেছে।

ঘটনার খবর পাওয়ার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

আরও পড়ুন: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের সঙ্গে উপ-হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। অন্য নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তিন জেলার ডিসি প্রত্যাহার

এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সঙ্গে উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে।