রংপুরের চার খুনসহ আলোচিত আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:২৯ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক আলোচিত অপরাধগুলোর সঙ্গে জড়িতদের যৌক্তিক সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধের ক্ষেত্রে পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের ঘটনার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটিকে সরকারের অন্যতম অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছিল, রংপুরের ওই হত্যাকাণ্ডের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রামিসা হত্যা থেকে শুরু করে অনেক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে।’ তার মতে, সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়। পুলিশ বাহিনীকে একটি শৃঙ্খলিত ও জন-প্রত্যাশা পূরণে সক্ষম বাহিনীতে রূপান্তর করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে।’