রাষ্ট্রীয় দায়িত্বে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও দেশের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: এভিয়েশন নিরাপত্তায় দক্ষতা বাড়াতে শাহজালালে ডিএফটি প্রশিক্ষণ সম্পন্ন

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন: সেপ্টেম্বরে তফসিল, নভেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি

যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত বিষয়গুলো কঠোর গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করতে হবে, যাতে কোনোভাবেই রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়।

রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অপচয় রোধের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের সঠিক, স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে যুদ্ধপরবর্তী দেশ ও রাষ্ট্রগঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি পূর্ববর্তী সব রাষ্ট্রপতিকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তারা সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুযোগ অনুযায়ী বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি জানান।