ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন আনছে সরকার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে একবারের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।

আরও পড়ুন: টাঙ্গাইলসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বর্তমানে তিন কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার যে বিধান রয়েছে, সেটি পরিবর্তন করে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে আরও গতি আনতেই ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমা সংক্রান্ত এই পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: একনেকে ১৫ হাজার ৭১৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

তবে খসড়াটির চূড়ান্ত অনুমোদন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে দেওয়া হয়েছে।