ট্রেনে ইন্টারনেট চালুর ছয় মাস না যেতেই গায়েব সরঞ্জাম

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৯ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ট্রেনে যাত্রীদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ শুরুতেই পড়েছে বড় বাধার মুখে। চলতি বছরের মার্চে পরীক্ষামূলকভাবে চারটি আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের প্রযুক্তি ব্যবহার করে চালু করা হয়েছিল ওয়াই-ফাই সেবা। কিন্তু কয়েক মাসের মধ্যেই এসব ট্রেন থেকে চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার, স্টারলিংক অ্যান্টেনাসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম। ফলে পরীক্ষামূলক এই উদ্যোগের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থার সঙ্গে পাল্লা দিয়ে যাত্রাপথে ইন্টারনেটের চাহিদাও বাড়ছে। এরই মধ্যে বেসরকারি উদ্যোগে বিভিন্ন বাস ও লঞ্চে চালু হয়েছে ওয়াই-ফাই সেবা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: জাপানি নারীকে বিয়ে করেছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু, আছে দুই মেয়েও !

মার্চে সেবা চালুর পর ট্রেনগুলোতে স্থাপন করা হয় স্টারলিংকের প্রয়োজনীয় সরঞ্জাম। কিন্তু ছয় মাস পূর্ণ হওয়ার আগেই একে একে চুরি হতে থাকে ওয়াই-ফাই রাউটার ও ইন্টারনেট সংযোগের বিভিন্ন যন্ত্রপাতি। এতে পরীক্ষামূলক প্রকল্পটি বাস্তবায়নে নতুন করে দেখা দিয়েছে নিরাপত্তাজনিত সংকট।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, জনবল সংকটের কারণে রেলের অনেক মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। সরঞ্জাম চুরির ঘটনাকে তিনি দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, পরীক্ষামূলক কার্যক্রমে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূল প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ট্রেনে ইন্টারনেট সেবা টেকসই করতে হলে শুধু প্রযুক্তি স্থাপন করলেই হবে না, এর নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্ব দিতে হবে। সরঞ্জাম চুরি ঠেকাতে কারিগরি নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো এবং যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে।

সূত্রঃ চ্যানেল 24