বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। একইভাবে দু-একজন মাদক কারবারির কারণে শহীদ জিয়ার আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া যায় না।
আরও পড়ুন: প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে বাহিনীর সদস্যদের চোখ-কান খোলা রেখে দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: রাজপথে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি
মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজি করছে। দলের কঠিন সময়ে এরা পাশে থাকবে না। আওয়ামী লীগের সঙ্গে এখনো দু-একজন গোপনে আঁতাত করছে এবং দলটিকে আড়াল থেকে সহায়তা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে এই চক্র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এ ধরনের কাউকে বিএনপিতে প্রয়োজন নেই।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





