এমআইসিএসের প্রতিবেদন
দেশের ৬২.৯ শতাংশ মানুষ পাচ্ছেন না নিরাপদ পানি
দেশে পানির উৎসের অভাব না থাকলেও নিরাপদ পানি প্রাপ্তির চিত্র উদ্বেগজনক। দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ মৌলিক পানির সুবিধার আওতায় থাকলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ। অর্থাৎ নিরাপদ পানির সব শর্ত পূরণ হচ্ছে না ৬২ দশমিক ৯ শতাংশ মানুষের ক্ষেত্রে।
পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই জীবাণুর উপস্থিতি এবং পানির উৎসে আর্সেনিকের মাত্রা নির্ধারিত সীমার বেশি থাকায় এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত ‘প্রগতির পথে’ শীর্ষক এ জরিপে পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির পাশাপাশি পানির গুণমানও যাচাই করা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহারের পানিতে ই-কোলাই শনাক্ত হয়েছে। ২০১৯ সালের জরিপে এ হার ছিল ৮১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পানিতে এ জীবাণুর উপস্থিতি কমার পরিবর্তে বেড়েছে। একইভাবে পানির উৎসে ই-কোলাই শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ১ শতাংশে। ২০১৯ সালে এই হার ছিল ৪০ দশমিক ৩ শতাংশ।
পানিতে আর্সেনিকের উপস্থিতিও বড় উদ্বেগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা অনুযায়ী, প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম বা ১০ পিপিবির বেশি আর্সেনিক রয়েছে—এমন উৎসের পানি ব্যবহার করেন দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ। অন্যদিকে বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী, প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ।
আরও পড়ুন: রাজপথে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি
২০১৯ সালের জরিপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এ হার ছিল ১৮ দশমিক ৬ শতাংশ এবং জাতীয় মানদণ্ডে ১১ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় আর্সেনিকের ঝুঁকি কিছুটা কমেছে। তবে এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এ ঝুঁকির মধ্যে রয়েছেন।
জরিপে পানির উৎসে লবণাক্ততার বিষয়টিও উঠে এসেছে। এতে দেখা গেছে, দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ এমন উৎসের পানি ব্যবহার করেন, যেখানে লবণাক্ততার মাত্রা প্রতি সেন্টিমিটারে ৩ হাজার মাইক্রোসিমেন্সের বেশি। বাংলাদেশের নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ের এই তথ্য দিয়ে নির্দিষ্ট কোন জেলা বা এলাকায় লবণাক্ততার ঝুঁকি বেশি, তা চিহ্নিত করা সম্ভব নয়।
নিরাপদভাবে ব্যবস্থাপিত পানির হিসাব নির্ধারণে শুধু পানির উৎস উন্নত কি না, সেটিই বিবেচনা করা হয় না। এ ক্ষেত্রে পানির উৎস বাড়ির ভেতরে বা আঙিনায় থাকা, প্রয়োজনের সময় পানি পাওয়া এবং পানিতে ই-কোলাই কিংবা নির্ধারিত সীমার বেশি আর্সেনিক না থাকার শর্ত রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি লিটারে ১০ পিপিবি আর্সেনিকের সীমা বিবেচনায় এসব শর্ত পূরণ করে নিরাপদ পানি পাচ্ছেন দেশের মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। আর বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী প্রতি লিটারে ৫০ পিপিবি সীমা বিবেচনায় এ হার ৩৯ দশমিক ৪ শতাংশ।
পানির গুণমান যাচাইয়ের জন্য জরিপে ৬ হাজার ২৯৮টি পরিবার নির্বাচন করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার ১০৬টি পরিবারের পানির নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিটি জরিপ ক্লাস্টার থেকে দৈবচয়নের ভিত্তিতে দুটি পরিবারকে এ পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. এম. রেজাউল ইসলাম বলেন, অপরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে অনেক সময় পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারেন না। আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পানির গুণমান পরীক্ষা করা প্রয়োজন। এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, অনেক মানুষ তাদের ব্যবহৃত পানিতে আর্সেনিক রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ রাখেন না। সচেতনতার অভাবেই দীর্ঘদিন ধরে সমস্যাটি রয়ে গেছে। দেশে প্রায় ৩০ বছর ধরে আর্সেনিকের সমস্যা চলছে।





