আইসিইউতে নুরুল হক নুর
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের ওসিসির দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসক জানান, নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসক আরও বলেন, “৪৮ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।”
আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি
এর আগে রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে তাকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে আসিফ নজরুল হাসপাতালে পৌঁছালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ করেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
আরও পড়ুন: ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
পরে আইনশৃঙ্খলা বাহিনী আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঠিক তখনই নুরুল হক নুর ও দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় লাঠিচার্জে নুর গুরুতর আহত হন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, “আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন।”
এ ঘটনায় আরও কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।





