হাসিনার মতো আর কাউকে একনায়ক হতে দেওয়া হবে না: সারজিস আলম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে : শিমুল বিশ্বাস

সারজিস আলম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান। এসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাচ্ছে। যেই হোক—চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা—আমরা তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করব। আর শেখ হাসিনার মতো কাউকেই আর একনায়ক হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যা করতে পারেনি, বিএনপির ছাত্রদল তা শুরু করেছে—স্কুল পর্যায়ে কমিটি গঠন। আমরা স্পষ্ট করে বলছি, কোনো স্কুল-কলেজে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার প্রচেষ্টা প্রতিহত করা হবে।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

সারজিস আলম বলেন, আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বা অন্য কোনো দল ভালো কাজ করলে আমরা সম্মান জানাব। তবে কোনো অপকর্ম হলে তা প্রতিরোধ করা হবে। জনগণ যে কারণে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই ধরনের অপচেষ্টা আর সহ্য করা হবে না।

তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে ও তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। এটি দেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য ভয়ংকর দৃষ্টান্ত।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।