এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কের পদত্যাগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে খান মুহাম্মদ মুরসালীন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দলের মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলের দায়িত্বেও তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় এনসিপির মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও বার্তায় তুলে ধরেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করে জানান খান মুহাম্মদ মুরসালীন। তিনি লেখেন, “এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।”

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অন্তত নয়জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।