প্রচারণায় হামলার প্রতিবাদে ঢাকার মহিলা জামাতের নারী সমাবেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি প্রথমবারের মতো সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মহিলা বিভাগ। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হেনস্থা ও সহিংস হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই ‘প্রতিবাদী সমাবেশ’।

আজ মঙ্গলবার দুপুরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। পাশাপাশি এটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এই সমাবেশেও যদি কোনো ফল না আসে, সেক্ষেত্রে আমাদের মহিলাদের পক্ষ থেকে আরও ব্যাপক কর্মসূচি নেওয়া হবে। এছাড়া ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবো। আপাতত আমরা এই কর্মসূচি ঘোষণা করছি, যাতে সরকার ও প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়।”

তিনি আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র দল, যাদের ৪৩ শতাংশ সদস্য মহিলা। তিনি বলেন, “রাজনীতিতে অংশগ্রহণের জন্য আমাদের আরপিওতে ৩৩ শতাংশ মহিলা থাকার বিধান আছে, এবং একমাত্র জামায়াত সেটা পূরণ করতে পেরেছে। অথচ অনেকেই মনে করে জামায়াতে ইসলামীতে নারীদের গুরুত্ব কম।”

আরও পড়ুন: খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার