তারেক রহমানের সমাবেশ, ঐতিহাসিক বেলস পার্কে নেতাকর্মীদের ঢল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:২৪ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে পৌঁছেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল বাড়তে শুরু করেছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ৬টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

মাঠ সাজানো হয়েছে উৎসবমুখরভাবে। বেলুন, ধানের শীষের প্রতীক এবং দলীয় রঙে সজ্জিত সমাবেশস্থলে ব্যানার, ফেস্টুন এবং স্লোগান ছড়িয়ে দিয়ে নেতাকর্মীরা উদ্দীপনা দেখাচ্ছেন। নারী নেতাকর্মীরাও উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত।

আরও পড়ুন: সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

দুপুর ১২টায় বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। ভোর থেকেই নেতাকর্মীরা ফজরের নামাজ শেষে মাঠে অবস্থান নেন।

ঝালকাঠি থেকে আসা ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, দীর্ঘদিন পর আমাদের নেতা বরিশালে এসেছেন। আজকের জনসমাগমই তরুণদের প্রত্যাশার প্রমাণ।

আরও পড়ুন: বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আগত স্বেচ্ছাসেবক দলের কর্মী মজিবর মোল্লা বলেন, কষ্ট হলেও আমরা সবাই গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য মাঠে এসেছি।”

বরিশাল সদর উপজেলার চরকাউয়া থেকে আসা মহিলা দলের কর্মী নাজমা বেগম বলেন, “নারীরাও শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে এখানে এসেছেন।

সমাবেশস্থলে প্রস্তুতিও সম্পূর্ণ। মাঠের উত্তর পাশে বড় মঞ্চ তৈরি করা হয়েছে এবং নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “তারেক রহমানের বরিশাল আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখাচ্ছে, তারা পরিবর্তন ও গণতন্ত্র চায়।”

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।