দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে ‘ঘাড় ধরে টান’ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের মেহেন্দিগঞ্জে দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে—এটি অন্যায়। তিনি দাবি করেন, দুর্নীতির মূল ও জড় ধরে ব্যবস্থা নেওয়া হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকেও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। গত সাড়ে ১৫ বছরে সরকারি অর্থ লুটপাটের বিষয় উল্লেখ করে তিনি জানান, ব্যাংক, বিমা ও মেগা প্রকল্পের নামে বিদেশে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা চারটি জাতীয় বাজেটের সমান। এই অর্থ ফেরত আনার জন্য চূড়ান্ত লড়াই করা হবে।

আরও পড়ুন: রাজপথে নামা ছাড়া আর বিকল্প নেই: আসিফ মাহমুদ

দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির দাবি করেন, দল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। গত সময়ে ১১ শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, হাজারো নেতাকর্মী নিহত ও বহু মানুষ পঙ্গু হয়েছেন। তবে তিনি আশ্বাস দেন, সরকার পতনের পর জামায়াত প্রতিশোধের রাজনীতিতে যাবে না, শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার আইনি মাধ্যমে নিশ্চিত করা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বেকার ভাতা নয়, কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের সম্মান নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বরিশাল অঞ্চলের নদীভাঙন নিয়ে তিনি বলেন, নদী সংস্কার ও সঠিক বাঁধ নির্মাণের মাধ্যমে এক দশকের মধ্যে পরিস্থিতি বদলে যাবে।

আরও পড়ুন: ‘লাইট-ফ্যান ব্যবহারে নিয়ন্ত্রণে ছাত্রদল-যুবদল তদারকি করবে’ এমন বক্তব্য গুজব: রিজভী

জনসভায় তিনি বলেন, জামায়াতের দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয়ই মুখ্য। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করে রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ—সবার জন্য সমান আইন নিশ্চিত করা হবে। সমাবেশে বরিশাল অঞ্চলের বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করানো হয় এবং স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।