নিকলীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নিকলী থানাধীন কুর্শা ও সিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদের নির্দেশনায় এসআই শারিফুজ্জামান, এসআই কৌশিক মল্লিক ও এএস আই লুৎফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।
আরও পড়ুন: ইনানী রিসোর্টে আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু, আহত ১৫
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামের রেজু মিয়ার ছেলে সজিব মিয়া (২৫) ও রিপনের ছেলে বাদশা (২৫); নিকলী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে সৈয়দ আলী (৩৬) ও চান মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৩); এবং কুর্শা গ্রামের জয়নাল মিয়ার ছেলে সুমিত মিয়া (২১)।
পরে তাদের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রীর মৃত্যু
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকসেবী ও মাদক কারবারিরা যত শক্তিশালীই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





