সাংবাদিক আলী মাহমুদের ইন্তেকাল, বিএনপি মহাসচিবসহ বিভিন্ন মহলের শোক

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সদস্য, দৈনিক দিনকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তিনি জাতীয় প্রেস ক্লাবে অচেতন অবস্থায় ছিলেন। পরে প্রেস ক্লাবের সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

এছাড়াও পৃথক শোকবার্তায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ বিএনপি মিডিয়া সেলের সদস্যরা মরহুম আলী মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা পেশায় আলী মাহমুদ ছিলেন একজন নিষ্ঠাবান, সৎ ও সাহসী সাংবাদিক। তার মৃত্যু গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ তায়ালা মরহুম আলী মাহমুদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন—আমিন।