রাজধানীতে ঝটিকা মিছিল: সরকারি কর্মচারীসহ আটক ৫, মামলা সন্ত্রাসবিরোধী আইনে
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে এক সরকারি কর্মচারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন সংলগ্ন এলাকা থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে। মিছিলটি দ্রুত আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া দেয়।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) এবং আশিক মোহাম্মদ (২৪)।
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে মো. হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি আরও বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীতে যেকোনো ধরনের নাশকতামূলক বা উসকানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।





