লিঙ্গ পরিচয় গোপনের অভিযোগে ছাত্রদল নেতা রেদোয়ান ইসলাম অব্যাহতি
লিঙ্গ পরিচয় গোপনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া ওই নেতা হলেন—সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের কলেজ কমিটির সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান ইসলাম। রোববার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রেদোয়ান ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী অনুমোদন করেছেন।
এর আগে গত শনিবার কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রেদোয়ান ইসলামের লিঙ্গ পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির
জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, “কমিটি ঘোষণার আগে জীবনবৃত্তান্তে রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন। তবে পরবর্তীতে জানা যায়, তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। তথ্য গোপনের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এ ঘটনায় রেদোয়ান ইসলাম একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “অনেকে বুঝে না বুঝে মন্তব্য করছেন। আমি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার জন্য যুক্ত হয়েছিলাম। কিন্তু আমাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন বড় কোনো রাজনৈতিক পদ পেয়েছি।”
তিনি আরও বলেন, “মানুষের কাজ ও যোগ্যতাই গুরুত্বপূর্ণ—সে ছেলে না মেয়ে, সেটি বড় বিষয় হওয়া উচিত নয়।”





