গণতন্ত্রে সক্রিয় ভূমিকার প্রত্যাশা সেলিনা রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া ‘পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান। তিনি আশা করছেন, নির্বাচিত নারী সদস্যরা সংসদে কার্যকর অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা জোরদার করবেন।
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে বিএনপি জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়ন জমা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ বিষয়ে বক্তব্য দেন।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন জমা: সংসদে গঠনমূলক বিরোধী ভূমিকার প্রত্যাশা
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়াটি যথেষ্ট চিন্তাভাবনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ তালিকা তৈরি করা হয়েছে, যা সংসদীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেলিমা রহমানের মতে, এই সংসদ দেশের রাজনৈতিক ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ সময় পর গঠিত এই সংসদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং জাতীয় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
আরও পড়ুন: কনকচাঁপাকে নিয়ে মন্তব্য করা নেত্রী সুরাইয়া জেরিন রনি বিএনপির মনোনয়ন
তিনি আরও বলেন, নির্বাচিত নারী সদস্যরা সংসদে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আইন প্রণয়ন, নীতিনির্ধারণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর অবদান রাখবেন। নারী প্রতিনিধিত্বের এই সুযোগকে তারা দেশের সামগ্রিক অগ্রগতির জন্য কাজে লাগাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের নেতৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।





